ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঝড় তুললেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। জ্যামাইকা তালাওয়াসের বিরুদ্ধে বৃষ্টি আইনে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তার দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। দলের জয়ে দুইশ’র বেশি স্টাইক রেটে ব্যাটিং করে অবদান রাখেন টাইগার তারকা।
প্রথমে ব্যাট করা জ্যামাইকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তোলে। জবাবে সেন্ট কিটস ব্যাটিংয়ে নামলে বৃষ্টি শুরু হয়। পরে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ ওভারে তাদের নতুন টার্গেট দাঁড়ায় ১১৮। যা ৫ বল বাকি থাকতেই তুলে নেয় ক্রিস গেইলের দল।
২০৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে ফেলে সেন্ট কিটস। তারপরই শুরু হয় বৃষ্টি। পরে আম্পায়াররা নতুন টার্গেট দেন। সেখান থেকে ভ্যান ডার ডুসেন ও মাহমুদউল্লাহ’র অপরাজিত ব্যাটিং জেতায় সেন্ট কিটসকে।
২৪ বলে ৪টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ডুসেন। আর ১১ বলে দুটি চার ও সমান ছক্কায় ২৮ রান করেন মাহমুদউল্লাহ। এর আগে ওপেন করতে নেমে ২৪ বলে ৪১ রান আসে গেইলের ব্যাট থেকে।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রোভম্যান পাওয়েলের ৮৪ রানে ভর করে বড় স্কোর গড়ে জ্যামাইকা। ৪০ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান পাওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ করেন ফিলিপস।
সেন্ট কিটস বোলারদের মধ্যে দুটি উইকেট পান বেন কাটিং। একটি করে উইকেট তুলে নেন অ্যালেন, ব্র্যাথওয়েট ও জোসেফ।
from BdNews24 https://ift.tt/2NMFLDS
No comments:
Post a Comment