বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক বিফ্রিংয়ে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, তার (খালেদা জিয়া) চিকিৎসার চেয়ে অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। তার অসুস্থতাকে বিএনপি নেতারা ইস্যু বানাতে চায়। ওনার চিকিৎসা দরকার হলে সর্বোচ্চ ভালো চিকিৎসা যেখানে হবে, সেখানেই নেয়া হবে।
ব্রিফিংয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন ও দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ বা টেকনোক্র্যাট কেউ আসবেন না। ওই সরকারের আকার ছোট হবে। গতবারের মতোই নির্বাচনকালীন সরকারের আকার হবে।
নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, কে মনোনয়ন পাবেন আর কে পাবেন না তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন। অক্টোবরেই সব প্রার্থী চূড়ান্ত করা হবে।
এরইমধ্যে ৬০-৭০ জন সম্ভাব্য প্রার্থীকে মাঠে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে গ্রিন সিগন্যাল দিয়েছেন। বির্তকিতরা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না বলে জানিয়ে কাদের বলেন, কাকে মনোনয়ন দেয়া হবে এমন সিদ্ধান্ত কোনো প্রার্থীকে এখনও জানানো হয়নি।
তিনি বলেন, যাদের অবস্থান জনগণের কাছে ভালো তাদের কিছু টিপস দেওয়া হয়েছে। তাদের আরও গণমুখি প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনে করে উত্তরবঙ্গ সফরের সমালোচক মিডিয়ার উদ্দেশ্যে কাদের বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে কয়েক লাখ লোকের দুর্ভোগ হয়েছে সেটা মিডিয়ায় আসেনি। ট্রেনের যাত্রী ছিল ৬৫০ জন। সেটা খুব বড় দুর্ভোগ হিসেবে মিডিয়া প্রচার করেছে।
from BdNews24 https://ift.tt/2NAfNGs
No comments:
Post a Comment