আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতায় নামলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতায় নামলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে। গত চার বছরে বিএনপি আন্দোলনের ডাক দিয়ে কখনোই সফলতার মুখ দেখেনি। জনগণ বিএনপিকে ভয় পায়, কারণ তাদের আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও।
মন্ত্রী জানান, মহাসড়কে করিমন, নসিমন, ভটভটিসহ সব প্রকার তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই সময় এবং খরচ সাশ্রয়ের লক্ষ্যে ইভিএম প্রযুক্তি ব্যবহার করছে। তাই আওয়ামী লীগ ইভিএম ব্যবহারের পক্ষে। তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত সরকার মেনে নেবে।
পরিদর্শনকালে মন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক উন্নয়নের কাজে জনদুর্ভোগ কমাতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এবং দায়িত্বে অবহেলার কারণে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের প্রকল্প পরিচালক সানাউল হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলীকে কারণ দর্শাতে বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সানাউল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. আব্দুস সবুর, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ।
from BdNews24 https://ift.tt/2olFe0f
No comments:
Post a Comment