মাত্র একদিনের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। তবে কোরবানির ঈদের পরও কমেনি দেশি পেঁয়াজের ঝাঁজ। বাজারগুলোতে মাছের সরবরাহ কম। ফলে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ।
শুক্রবার (২৪ আগস্ট) নগরীর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কারওয়ানবাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বৃহস্পতিবার (২৩ আগস্ট) ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, ঈদের দিন যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদের পরের দিন কাঁচা মরিচসহ সবজির দাম চড়া ছিলো। এখন সরবরাহ শুরু হয়েছে, দামও কম।
পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরায়। খুচরা বাজারে ১২০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, যা বৃহস্পতিবার ২শ’ টাকা দরে বিক্রি হয়েছে।
নগরীর আগারগাঁওয়ের বিএনপি কাঁচাবাজারে কমেছে সবজির দাম। কিছু সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি শসা ৪০, ঢেঁড়স ৩০, পটল ৪০, বেগুন ৪০, পেঁপে ১৫, মিষ্টি কুমড়া ২০, করলা ৪০ ও বরবটি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা মিনজাল শিকদার বলেন, ঈদের আগে গাড়ি বন্ধ ছিলো। এখন চলাচল শুরু করছে বলে সবজি আসছে। ফলে দামও কমছে। খাওয়ার লোক নেই। সামনে দাম আরও কমবে।
তবে ইলিশের দাম বাড়তি। প্রতিটি ৮শ’ গ্রাম ওজনের ইলিশ ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে।
কমেনি পেঁয়াজের ঝাঁজও। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় মোটা নাসিক পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ঈদের ছুটিতে দোকানগুলোতে নতুন করে মুদি মালামাল সরবরাহ না হওয়ায় আগের দামে বিক্রি হচ্ছে।
from BdNews24 https://ift.tt/2NdJl9G
No comments:
Post a Comment